নিখুঁত নয়, এবার ‘নিজের মতো’ ঘর সাজানোর ট্রেন্ড
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
-
ফ্যাশনের মতো প্রতি মৌসুমে বদলে যায় না অন্দরসজ্জার ধরন। একসময় ঘর সাজানোর অর্থ ছিল নিখুঁত রং, গোছানো আসবাব আর চোখধাঁধানো সাজসজ্জা। তবে সময়ের সঙ্গে মানুষের জীবনযাপন, পছন্দ ও মূল্যবোধের পরিবর্তনের প্রতিফলন দেখা যায় ঘরের সাজেও।
একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কোনো নকশা দেখলেই সেটি নিজের ঘরে আনার প্রতিযোগিতাও ছিল। তবে ২০২৬ সালে সেই ধারণাতেই যেন বড় পরিবর্তন এসেছে। কৃত্রিমভাবে নিখুঁত নকশার বদলে জায়গা করে নিচ্ছে প্রাকৃতিক উপকরণ, পুরোনো কাঠ, হাতে তৈরি সামগ্রী, মাটিরঙা আবহ এবং ব্যক্তিগত সংগ্রহ। এখন আর ছবির মতো নিখুঁত ঘর নয়, বরং যে ঘরে জীবনের গল্প আছে, ব্যবহারের ছাপ আছে, আছে মানুষের নিজস্ব রুচি ও স্মৃতি, সেটিই হয়ে উঠছে বেশি আকর্ষণীয়।
অন্দরসজ্জাবিদদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের একই ধরনের নকশা অনুসরণের প্রবণতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন মানুষ। এখন ঘরকে অনলাইনে দেখানোর জন্য নয়, বরং নিজের মতো করে বাঁচার জন্য সাজানোর প্রবণতাই বাড়ছে।
রান্নাঘরেও বদল
একসময় একই নকশার ক্যাবিনেট ও আসবাব দিয়ে রান্নাঘর সাজানোর প্রবণতা থাকলেও ২০২৬ সালে জনপ্রিয় হচ্ছে আলাদা আলাদা আসবাব। ওক, ওয়ালনাট ও ডগলাস ফারের মতো কাঠের পাশাপাশি পাথর ও ধাতুর ব্যবহার বাড়ছে। বিশেষ করে প্রাকৃতিক কাঠের সঙ্গে স্টেইনলেস স্টিলের সমন্বয় নজর কাড়ছে। খোলা জায়গার বদলে আলাদা কক্ষ
বড় খোলা জায়গার নকশার জনপ্রিয়তাও কমছে। এর পরিবর্তে দিনের বিভিন্ন কাজের জন্য আলাদা কক্ষের দিকে ফিরছেন অনেকেই। পাশাপাশি গাঢ় কাঠ, পুরোনো আসবাব ও ব্যবহারে আরও সুন্দর দেখায় এমন উপকরণের চাহিদা বেড়েছে।
রোমান্টিক ও প্রাকৃতিক আবহ
সম্প্রতি নকশায় দেখা যাচ্ছে ফুলেল কাপড়, লতাগুল্ম, নরম রং ও গল্পের বইয়ের মতো পরিবেশ তৈরির প্রবণতা। দেয়ালে ট্যাপেস্ট্রি, পুরোনো কাপড় ও হাতে তৈরি শিল্পকর্ম ব্যবহারের চলও বাড়ছে।
এ ছাড়া ধুলোমাখা নীল, মাটিরঙা সবুজ, ক্যারামেল, গাঢ় হলুদ ও চকোলেট বাদামির মতো রং জনপ্রিয় হচ্ছে। হাতে আঁকা টাইলস, কাঠের অলংকরণ, ঝালর, ট্যাসেল ও বিভিন্ন ধরনের সূক্ষ্ম নকশাও ফিরছে অন্দরসজ্জায়।
সব মিলিয়ে ২০২৬ সালের ঘর সাজানোর মূল বার্তা একটাই, নিখুঁত দেখানোর চেয়ে নিজের গল্প, স্মৃতি ও ব্যক্তিত্বকে ঘরের প্রতিটি কোণে ফুটিয়ে তোলাই এখন বেশি গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন