বন্দিদশায় মাতৃত্বের স্বাদ, ইসরায়েলি কারাগারে জন্ম নিল শিশু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
-
ইসরায়েলের কারাগারেই কন্যাসন্তানের জন্ম দিলেন ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দি দানা জুদেহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তর ফিলিস্তিনের ড্যামন কারাগারে সন্তান জন্ম দেন নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার এই নারী। গর্ভবতী অবস্থায় গ্রেপ্তারের পর ছয় মাস ধরে প্রশাসনিক আটকাদেশে বন্দি ছিলেন তিনি। মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জুদেহর পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, গর্ভবতী অবস্থায় তাকে গ্রেপ্তার করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দেওয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ ঘটনায় তারা জুদেহ ও তার নবজাতক শিশুর নিরাপত্তার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ ও কারা প্রশাসনকে দায়ী করেছে।
প্রশাসনিক আটক এমন একটি ব্যবস্থা, যার আওতায় কোনো অভিযোগ বা বিচার ছাড়াই ফিলিস্তিনিদের আটক রাখতে পারে ইসরায়েল। জুদেহ গত ছয় মাস ধরে এই ব্যবস্থায় বন্দি ছিলেন। তার আটকাদেশের মেয়াদ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা ছিল। তবে কর্তৃপক্ষ চাইলে এই আদেশ আবারও বাড়াতে পারে।
ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, ড্যামন কারাগারে বর্তমানে প্রায় ৮৮ জন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সেখানে বন্দিদের কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হচ্ছে। তাদের মধ্যে রয়েছে প্রয়োজনীয় চিকিৎসার অভাব, খাবারের সংকট, দমনপীড়ন, মৌলিক অধিকার ও ধর্মীয় আচার পালনে বাধা, একাকী বন্দিত্ব এবং দৈনন্দিন জীবনে নানা বিধিনিষেধ।
ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দিবিষয়ক কমিশন জুদেহসহ সব নারী বন্দির নিরাপত্তার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ বন্দি, অপ্রাপ্তবয়স্ক, বয়স্ক ও প্রতিবন্ধী বন্দিদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিশন।
এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোকে দ্রুত কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন