সৌদির ‘কঠোর জবাবের’ পর ইয়েমেনে বিমান হামলা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
-
ইয়েমেনে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় ৫৪টি বিমান হামলা চালানোর অভিযোগ করেছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের তিন শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের হামলায় খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে ১৩ জন আহত হন। এ ছাড়া ৭টি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় এসব হামলার ‘দায়িত্বশীল ও কঠোর’ জবাব দেওয়া হবে। খবর আল জাজিরার।
এরপর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরব ইয়েমেনের লাহিজ, তাইজ, আল জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে ৫৪টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় তাইজের খাদির জেলার সরকারি একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
হুতিদের সমর্থক গণমাধ্যমের দাবি, তাইজের ধুবাব ও মাকবানাহ এলাকায় সৌদি বিমান হামলায় দুই শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। তবে সৌদি আরব হুথিদের এসব অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
এর আগে সোমবার হুথিরা সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। তাদের দাবি, বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের মজুত লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এদিকে ইয়েমেনে হুথিদের সাম্প্রতিক স্থল অগ্রযাত্রায় উত্তেজনা আরও বেড়েছে। তারা লোহিত সাগরের উপকূলের বড় একটি অংশ এবং বাব আল মান্দাব প্রণালির কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করা হচ্ছে। একই সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার তাইজ প্রদেশে হুথিদের বিরুদ্ধে পাল্টা অগ্রযাত্রার দাবি করেছে।
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাবের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত বাড়ায় আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাত চলতি জুলাইয়ে আবারও তীব্র হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন