ভাগ্য ফেরাতে বিদেশে যাওয়া হলো না নিরবের, দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
-
দরিদ্র পরিবারের ভাগ্য ফেরানোর আসায় ছেলেকে বিদেশে পাঠানোর সব প্রস্তুতি নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মো. রাশিদ মিয়া। ধারদেনা আর ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে এখন নিঃস্ব তিনি। এই দুর্ঘটনায় বিদেশগামী ছেলেসহ তিনি নিজেও আহত হয়েছেন।
নিহত নারীর নাম মোছা. জয়বাহার (৪৫)। তিনি ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর এলাকার মো. রাশিদ মিয়ার স্ত্রী।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ছেলে নিরবকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই জয়বাহারের মৃত্যু হয়।
নিহত জয়বাহারের ভাতিজা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার নিরবের সৌদিতে যাওয়ার কথা ছিল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে আমার চাচি জয়বাহার মারা গেছেন। অসহায় পরিবারটি এখন আরও অসহায় হয়ে পড়েছে।
এদিকে দুর্ঘটনার পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন আহত রাশিদ মিয়ার ছেলে নিরব (২১)। তার অভিযোগ, রোড অ্যাক্সিডেন্টের পর সদর হাসপাতালে নেওয়ার পর যথাযথ চিকিৎসা ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।
স্বজনরা জানান, ওই সড়ক দুর্ঘটনার বিষয়ে কটিয়াদী থানায় মামলা করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত লরি বা পণ্যবাহী গাড়িটিকে এখনো শনাক্ত করা যায়নি।
নিহতের স্বামী রাশিদ মিয়া বলেন, ‘ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
পরিবার সূত্রে জানা গেছে, রাশিদ মিয়া ও জয়বাহারের তিন মেয়ে ও এক ছেলে। ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু দুর্ঘটনায় মাকে হারিয়ে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
কটিয়াদী হাইওয়ে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনার অভিযোগ নিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন