পাটালি গ্রুপের ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
-
ঢাকার কেরানীগঞ্জ থানার ওয়াশপুরের আরশি নগর এলাকায় কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্য ফরহাদকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস। নিহত ফরহাদ ভোলার দুলারহাট থানার মো. বাবুল হোসেনের ছেলে।
তিনি জানান, মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। আহত অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভিন্ন এলাকার হওয়ায় আরশীনগরের কেউ তাদের শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়ের বাজারে ফরহাদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। তাকে প্রথমে গুলি ও পরে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ হামলায় নেতৃত্ব দেন সাব্বির ওরফে কালা সাব্বির, আরমান, সোহেল ও কালু।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে ফরহাদকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এই হত্যার নেপথ্যে মোহাম্মদপুরের শীর্ষ হিরোইন কারবারি আরিফ ওরফে চাপা আরিফ। রায়েরবাজার ক্যানসার গলিতে আরিফের একটি বড় স্পট রয়েছে। গত কয়েকদিন ধরে ফরহাদ ও তার লোকজন চাঁদার দাবিতে স্পটে মাদক বিক্রিতে বাধা দিচ্ছিল। স্পট বন্ধ রাখা হয়। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন