যুবদলের প্রচারপত্র
সচেতনতা বাড়ানো গেলে সহজে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব: মোনায়েম মুন্না
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
-
জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গু সহজেই মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়ির টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের আগে তিনি এসব কথা বলেন।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে মোনায়েম মুন্না বলেন, ‘আমাদেরকে জনগণের মধ্যে তাদের দায়িত্ববোধের জায়গাটাকে জাগিয়ে তুলতে হবে। বাড়ির টবে বা টায়ারের মধ্যে পানি জমে থাকলে প্রত্যেকের জায়গা থেকে তা পরিষ্কার রাখতে হবে। আমরা আমাদের অবস্থান থেকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব।’
তিনি বলেন, ডেঙ্গু নির্মূলে মানুষকে সচেতন করার কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারকে সহযোগিতা করা দলেরও দায়িত্ব।
মোনায়েম মুন্না বলেন, ‘যুবদল বিএনপির একটি অঙ্গ সংগঠন। আমাদের দায়িত্বের জায়গা থেকে আজকের এই কর্মসূচি।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে টায়ার ও টবের মধ্যে পানি জমে থাকে। সেই পানি দীর্ঘদিন জমে থাকলে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে এসব স্থান পরিষ্কার রাখতে হবে।’
এ সময় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবদল সভাপতি।
‘ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর থেকেই’ স্লোগান সম্বলিত প্রচারপত্র মালিবাগ মোড় থেকে শান্তিনগর এলাকায় বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।
প্রচারপত্রে বলা হয়, সামান্য পরিমাণ পানিতেও মশা জন্মাতে পারে। তাই খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ঘর ও আশপাশের যেকোনো পাত্র বা স্থানে জমে থাকা পানি সপ্তাহে অন্তত একবার ফেলে দিয়ে এডিস মশার লার্ভা থেকে মুক্ত রাখতে হবে।
এতে আরও বলা হয়, দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে এবং হাত-পা ঢেকে রাখা পোশাক পরতে হবে। জ্বর, মাথাব্যথা, বমি, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি “নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি” এমন আহ্বান জানানো হয়।
প্রচারপত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন