সর্বগ্রাসী জুয়া বন্ধ হোক
- সম্পাদকীয়
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
-
অনলাইনে জুয়ার আকর্ষণীয় বিজ্ঞাপন অনেককে সহজেই টেনে নেয়। বিনা খরচে ডিপোজিট, বড় অঙ্কের জয়ের সুযোগ কিংবা নানা ধরনের চটকদার অফার দেখানো হয়। অনেকেই এসব বিজ্ঞাপনে বিশ্বস করে অ্যাপ ডাউনলোড করেন, অ্যাকাউন্ট খোলেন, ব্যক্তিগত ও আর্থিক তথ্য দেন। এখন সেই তথ্যই যদি সাইবার অপরাধীদের হাতে চলে যায়, তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। বাংলাদেশি অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবহারকারীদের প্রায় ৩ লাখ ৬০ হাজার তথ্য ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার খবর তাই উদ্বেগের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্যের কিছু নমুনা যাচাই করে বাস্তব ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে। ফলে বিষয়টিকে শুধু ডার্ক ওয়েবে দেওয়া কোনো দাবির ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গুরুতর তথ্য ফাঁসের ঘটনা।
ফাঁস হওয়া তথ্যের ধরনও উদ্বেগজনক। এতে নাম, মোবাইল নম্বর, ইমেইল, জন্মতারিখ, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং রেজিস্ট্রেশ সংক্রান্ত তথ্য থাকার কথা বলা হয়েছে। আরও আছে ফিঙ্গারপ্রিন্ট, লাস্ট ডিপোজিট, কেওয়াইসি ভেরিফায়েড স্ট্যাটাস, কেওয়াইসি রিমার্ক এবং অ্যাকাউন্টের ঝুঁকি সংক্রান্ত তথ্য। একজন মানুষের পরিচয় ও যোগাযোগের তথ্যের সঙ্গে তার আর্থিক কার্যক্রম এবং পরিচয় যাচাইয়ের তথ্যও যদি অপরাধীদের হাতে যায়, তাহলে ঝুঁকি অনেক বেড়ে যায়।
এই তথ্য ব্যবহার করে ফিশিং হতে পারে। হতে পারে পরিচয় গোপন রেখে অ্যাকাউন্ট দখলের চেষ্টা। আর্থিক প্রতারণা হতে পারে। এমনকি ঘটতে পারে ব্ল্যাকমেইলের ঘটনাও। অপরাধীরা কোনো ব্যক্তির সম্পর্কে আগে থেকেই অনেক তথ্য জানলে তাকে নিয়ে প্রতারণা করা সহজ হয়। তাই বিষয়টি বৃহত্তর জননিরাপত্তার বিষয়।
আরও উদ্বেগের বিষয় হলো, পুরো ডাটাসেটের দাম চাওয়া হয়েছে ৭৮০ মার্কিন ডলার। অর্থ পরিশোধের জন্য বিটকয়েন বা মনেরো ব্যবহারের কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত তথ্য এখন সাইবার অপরাধের বাজারে সরাসরি বিক্রির পণ্য হয়ে উঠেছে। এই বাজার যত বিস্তৃত হবে, সাধারণ মানুষের ঝুঁকিও তত বাড়বে।
এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এত বিপুল তথ্য অপরাধীদের হাতে গেল কীভাবে। কোন অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে তথ্য বেহাত হয়েছে, তা খুঁজে বের করতে হবে। এজেন্ট, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কিংবা অন্য কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, তাও তদন্ত করা প্রয়োজন। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের গাফিলতি ছিল কি না, সেটিও দেখতে হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। ডার্ক ওয়েবে তথ্য বিক্রির বিজ্ঞাপন পাওয়া গেছে। নমুনা তথ্যের সত্যতাও যাচাই হয়েছে। ফলে তদন্তের জন্য এটি যথেষ্ট গুরুতর কারণ। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর কাছ থেকেও তথ্য নিতে হবে। শনাক্ত করতে হবে তথ্য ফাঁসের উৎস। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও রাষ্ট্রের দায়িত্ব। নাগরিকের জন্মতারিখ, ফিঙ্গারপ্রিন্ট, কেওয়াইসি তথ্য এবং আর্থিক তথ্য অত্যন্ত সংবেদনশীল। এসব তথ্য কীভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে, তার কঠোর নজরদারি দরকার। অনলাইন জুয়ার বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি তথ্য নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে। একটি তথ্য ফাঁস কত মনুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পরে, এ ঘটনা তার বড় উদাহরণ। এখন দ্রুত তদন্ত, দায়ীদের শনক্তকরণ এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। নাগরিকের ব্যক্তিগত তথ্য কোনো অপরাধী চক্রের বিক্রির পণ্য হতে পারে না।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন