একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালে তদন্তে পুলিশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ মে ২০২৬, ০১:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ওই সময় ১১ জন মা ও ৬ নবজাতক অবস্থান করছিল। রাত ২টা থেকে ৩টার মধ্যে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কক্ষের এসি বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা এসি বন্ধ থাকার পর রুমে থাকা কয়েকটি শিশুর শ্বাসকষ্ট শুরু হয়।
ভোর ৬টার পর থেকে নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে একে একে ছয় শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় এসি বন্ধের পর শ্বাসকষ্ট বা সাফোকেশনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
ডিএমপির সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্ত দল কাজ করছে। কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, মারা যাওয়া নবজাতকদের বয়স ছিল এক থেকে দুই দিন। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন