২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৫১
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন মঙ্গলবার কোনো মৃত্যুর খবর না মিললেও আক্রান্ত হয়েছিলেন ১৯৬ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৪৫৩ জন এবং মারা গেছেন ৪ জন। এর আগে জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯০৭ জন এবং প্রাণ হারিয়েছিলেন ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯৯ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৫৫৭ জন। আক্রান্তদের মধ্যে ৫৭ শতাংশ পুরুষ এবং ৪৩ শতাংশ নারী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ের প্রথম আট দিনেই মারা গেছেন ৪ জন।
তুলনামূলকভাবে ২০২৫ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই বছর মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রাণ হারান ৪১৩ জন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন