স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার'
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশের প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একটিও শিশু যেন বাদ না যায়—এটাই বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
আজ রোববার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘হামের কারণে অনেক শিশু জ্বর ও জটিলতায় ভুগছে। দ্রুত শনাক্ত করে চিকিৎসা দিতে পারলে আতঙ্কের কিছু নেই। নতুন করে যেন হাম ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকা দিতে হবে।’
তিনি বলেন, ‘আজ যারা টিকা নিয়ে বাড়ি যাচ্ছেন, তারা প্রতিবেশীদেরও জানাবেন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, সমাজ তত বেশি নিরাপদ হবে। সরকারের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং প্রতিদিনের জাতীয় সার্ভিল্যান্সের তথ্য বিশ্লেষণ করে আক্রান্ত এলাকা চিহ্নিত করা হচ্ছে।’
ইতোমধ্যে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মসূচিতে সহযোগিতা করছে। বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতেই আমরা প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছি।’
এদিকে খুব শিগগিরই ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও টিকাদান শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিন টিকার সম্ভাব্য ঘাটতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজকের সংবাদে হেডলাইন হোক—টিকাদান শুরু হয়েছে। সরকারের কাছে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে। কোথাও সাময়িক ঘাটতি থাকলেও আমরা দায়িত্ব নিয়ে তা পূরণ করছি। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।’
পরে সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা শুধু সংবাদ পরিবেশনই করছেন না, মানবতার কাজও করছেন। আপনাদের প্রচারণা সঠিক হলে আরও বেশি মানুষ টিকার গুরুত্ব বুঝতে পারবে। জনগণকে সম্পৃক্ত করতে আপনাদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়াল, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রিজিম ম্যানুয়েল, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন