চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:২১ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যার মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তারা জানিয়েছে, সীমিত সাজা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যাদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে, তাদের ক্ষেত্রে সীমিত সাজা দেওয়া ন্যায়বিচারের সঙ্গে সঙ্গত নয়। এ কারণেই রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
চিফ প্রসিকিউটর বলেন, ঘটনার সময় কনস্টেবল সুজন গুলি চালানোর সময় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে তিনি কনস্টেবল হওয়ায় ঊর্ধ্বতনের নির্দেশ পালন করেছেন-এই বিবেচনায় আদালত তাকে সীমিত সাজা দিয়েছেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় যে, কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য নন। কেউ এমন নির্দেশ পালন করলে আদালতের এজলাসে ছাড় পাওয়ার সুযোগ থাকবে না।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
এছাড়া রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন