শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জনের ১০ দিনের রিমান্ড
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম
-
সংগৃহীত
যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এবং তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মোতাসিম বিল্লাহ ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় তাদের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রামে আনা হয়।
ওই দিনই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আরেক সন্ত্রাসী ধামা ইলিয়াসের দেওয়া তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডেভিড ইমনকে অস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের অন্তত ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি হত্যা মামলা। এছাড়া তিনি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন এবং টার্গেট কিলিংয়ের মাধ্যমে চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন