রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১:২০ এএম
-
সংগৃহীত
রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ভবনটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সন্ধান পান।
নিহতরা হলেন গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৮)।
ঘটনার পর রংপুর সিআইডি ও মহানগর পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। রংপুর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হাসান কবির চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যা করা হয়েছে। ভবনের দ্বিতীয় তলায় ওই পরিবার বসবাস করত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে।
রংপুর সিআইডির দায়িত্বরত কর্মকর্তা ইনচার্জ সুমিত চৌধুরী রাত একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে মনে হচ্ছে। তাঁর ধারণা, তিন থেকে চার দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে। বাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং টাকাপয়সা রাখার স্থানসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। নিহতদের গলায় রশি বা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন