গাজায় চিকিৎসা সরঞ্জামের গুদামে ইসরাইলি হামলা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম
-
সংগৃহীত
গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন একটি চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে ইসরাইল। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, হাসপাতালের পাশে থাকা চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের গুদামটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গুদামটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েক মাস ধরে মধ্য গাজার বাস্তুচ্যুত মানুষ ও স্থানীয় বাসিন্দাদের জন্য অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হিসেবে কাজ করে আসছে আল-আকসা শহীদ হাসপাতাল। চলমান সংঘাতে আহত ও অসুস্থ মানুষের চিকিৎসায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি হাসপাতাল থাকলেও, আকার ও চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতায় সেটি আল-আকসা শহীদ হাসপাতালের তুলনায় অনেক ছোট। ফলে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য সবচেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে এই হাসপাতালের ওপর।
এরই মধ্যে গাজাজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম সংকটে রয়েছে। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি এবং স্বাস্থ্যকর্মীর সংকটের মধ্যেই সীমিত সক্ষমতায় সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলার ঘটনা স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও বিপর্যস্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন