হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেয়া হয় ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে।
দীর্ঘদিন ধরে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষা করতেই হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও একজন চিকিৎসকসহ বিশেষায়িত মেডিকেল টিম তাকে পরীক্ষা করে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চিকিৎসকেরা ইমরানকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন। এ সময় তার বোন উজমা খানও হাসপাতালে উপস্থিত ছিলেন।
ইমরানকে প্রথমে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের কারণে সেখানে ‘নিরাপত্তাজনিত পরিস্থিতি’ তৈরি হওয়ায় তাকে শেষ পর্যন্ত সরকারি পিআইএমএস হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।
ইমরানকে শিফা হাসপাতালে নেয়ার প্রস্তুতি হিসেবে এর আশপাশের এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, ওই এলাকায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ইমরানের হাসপাতালে যাওয়ার ঘটনাটি পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশের পর ঘটে। মঙ্গলবার আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, দুই দিনের মধ্যে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একই সঙ্গে তার শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়া হয়, যেখানে ইমরানের ব্যক্তিগত চিকিৎসককেও রাখার কথা বলা হয়েছিল।
এর আগে সোমবার আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আদালতে একটি প্রতিবেদন জমা দেন। সেখানে ১০ আগস্ট হৃদরোগ বিশেষজ্ঞদের একটি বোর্ডের করা স্বাস্থ্য পরীক্ষার তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে ইমরানের রক্তচাপ ওঠানামা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত থাকার কারণে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছিল।
সরকার সুপ্রিম কোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে আপিল করেছিল। তবে বৃহস্পতিবার ইমরানকে হাসপাতালে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।
গত এক বছর ধরে ইমরানের পরিবার ও তার দল, তার শারীরিক অবস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে আসছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন তারা। ফেব্রুয়ারির পর ইমরানকে হাসপাতালে নেয়ার জন্য করা দুটি আবেদন আদালত খারিজও করেছিলেন। এর একটি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট মেডিকেল বোর্ডের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি। ওই সময় রাষ্ট্রীয় উপহার বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানো হয়। তবে ইমরান বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
পরবর্তীতে সাবেক এই ক্রিকেট তারকা ও তার স্ত্রী বুশরা বিবি আরও কয়েকটি মামলায় দণ্ডিত হয়েছেন। তারা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন