১২০ বছরের পুরোনো ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১০:২২ এএম
-
সংগৃহীত
ফিলিস্তিনিদের ১২০ বছরের পুরোনো একটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। ধ্বংস হওয়া এই বাড়িটি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার (নাকবা) প্রায় ৪০ বছর আগেই নির্মিত হয়েছিল।
ফিলিস্তিনিদের অভিযোগ, নিজস্ব ভূখণ্ডে তাদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের নিদর্শন মুছে ফেলতেই পরিকল্পিতভাবে এ ধরনের স্থাপনা ধ্বংস করা হচ্ছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনি ঐতিহ্য নিশ্চিহ্ন করার বৃহত্তর অভিযানের অংশ।
সংবাদমাধ্যম এজে প্লাসের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে ঐতিহাসিক এই স্থাপনাটি ধ্বংসের বিষয়টি সামনে এসেছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর অভিযান, হামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীর নিরাপত্তায় পশ্চিম তীরের আল-মুঘাইয়্যির গ্রামে হামলা চালায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ সময় তাদের ছোড়া গুলিতে ১০ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়।
ওয়াফার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে খাওয়ার্তা তল্লাশি চৌকির কাছে এক ফিলিস্তিনি ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে ইসরাইলি বাহিনী।
নাবলুসে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা কেন্দ্রের পরিচালক আমজাদ আহমেদ জানান, ইসরাইলি হামলায় আহত ২২ বছর বয়সী এক যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গত সপ্তাহে নাবলুসের কাছে টেল গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের এক রক্তক্ষয়ী হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন। ওই ঘটনার পর থেকে এলাকাটিতে প্রায় প্রতিদিন রাতভর অভিযান ও গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।
অন্যদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায়ও হামলা অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ ছাড়া মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে পৃথক এক বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আল-আকসা মার্টার্স হাসপাতালের চিকিৎসকেরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন