চাপের মুখে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পথে শুভেন্দু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর তৃতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ শিথিল করার পথে এগোচ্ছে।
সোমবার (২৭ জুলাই) আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রতিনিধিরা আগে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে কেন্দ্রকে স্মরণ করিয়ে দেয় দলটি।
সিজেপি জানায়, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আটক আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে সব আটক ব্যক্তিকে মুক্তি এবং মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেয় তারা।
এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে বিহার সরকার প্রশাসনিক সিদ্ধান্তে আটক আন্দোলনকারীদের মুক্তির উদ্যোগের কথা জানায়। পরে আসাম সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া পাঁচটি মামলায় আটক ১৩ জনকে মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে চার দফা নির্দেশনাও জারি করা হয়েছে।
এরপর পশ্চিমবঙ্গ সরকারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজ্য প্রশাসন জানিয়েছে, প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে। যদিও এসব মামলার সংশ্লিষ্টদের আর আটক রাখা হবে না বলে জানা গেছে।
গত শুক্রবার কলকাতার ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে সোমবার পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় কয়েকজন সংবাদকর্মীও হামলার শিকার হন।
ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ধর্মতলার বিক্ষোভে পরিকল্পিতভাবে বাইরের লোকজন এনে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। তদন্তে অন্তত ৭০ জনকে শনাক্ত করেছে পুলিশ। সরকারের দাবি, তাদের সঙ্গে ছাত্র আন্দোলন বা ককরোচ জনতা পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই।
সরকার বলছে, প্রকৃত আন্দোলনকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের আলাদা করে দেখা হচ্ছে। তাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন