হরমুজ প্রণালিতে নৌ-মাইনে বিস্ফোরণ, তেলের ট্যাংকারে ভয়াবহ দুর্ঘটনা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
-
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ায় একটি তেলের ট্যাংকার নৌ-মাইনে আঘাত পেয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে। রোববার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে ডেফাপ্রেস জানিয়েছে, কৌশলগত এই জলপথে নির্ধারিত রুট অনুসরণ না করায় ট্যাংকারটি নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণে কোনো হতাহত হয়েছে কি না, ট্যাংকারটির পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ২৬ জুন ইরান ঘোষণা দেয় যে হরমুজ প্রণালিতে কেবল তেহরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করেই জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানায় দেশটি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর, এর জবাবে অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে পাল্টা হামলা চালানোর দাবি করে তেহরান।
এদিকে, গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল ঘোষণা করেন। হরমুজ প্রণালিতে একাধিক ট্যাংকারে হামলা এবং এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলের নিয়ম নিয়ে নতুন করে বিরোধ তৈরি হওয়ার পরই এ ঘোষণা আসে।
হরমুজ প্রণালি ইস্যুতে দুই দেশের অবস্থান একেবারেই বিপরীত। যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বাধাহীন জাহাজ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে, প্রণালিতে চলাচলকারী সব জাহাজকে তাদের নির্ধারিত চ্যানেল ব্যবহার করতে হবে এবং ইরানের নেভিগেশন বিধি মেনেই চলতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন