সিজেপি-সরকার তৃতীয় দফার বৈঠক, শিক্ষামন্ত্রীর পদত্যাগে আরও সময় চায় কেন্দ্র
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সমাধানে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও ভারতের কেন্দ্র সরকারের মধ্যে আজ শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কয়েক দিন ধরে চলা আলোচনা ও সমঝোতা প্রচেষ্টার ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।
এর আগে আন্দোলনকারীদের উত্থাপিত তিনটি প্রধান দাবির মধ্যে দুটি মেনে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় চেয়েছে সরকার।
বৈঠককে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে। এছাড়া মদের দোকানগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটিও বাতিল করা হয়েছে।
এদিকে গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারের আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তার টানা ২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।
একই সময়ে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে একটি খসড়া আইন অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এ ছাড়া প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন