ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রায় ১০০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। গত ৭ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১০০ সেনা, পাশাপাশি নিহত হয়েছেন তিনজন মার্কিন সেনাসদস্য।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আহত সেনাদের ৯৬ শতাংশ ইতোমধ্যে সুস্থ হয়ে আবার দায়িত্বে ফিরেছেন। তার ভাষ্য, অধিকাংশ সেনাই মৃদু কনকাশনে (মস্তিষ্কে হালকা আঘাত) আক্রান্ত হয়েছিলেন এবং দ্রুত চিকিৎসা নিয়ে স্বাভাবিক দায়িত্বে যোগ দিয়েছেন।
শন পারনেলের এই মন্তব্য আসে দ্য নিউইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনের পর। প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সঙ্গে সংঘাতে আহত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশে পেন্টাগন বিলম্ব করেছে এবং কয়েক ডজন আহত সেনার তথ্য দীর্ঘ সময় জনসমক্ষে আনা হয়নি।
অন্যদিকে, সোমবার প্রকাশিত সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, আহত সেনাদের তথ্য প্রকাশে মার্কিন সামরিক বাহিনী ধীরগতিতে এগিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সেনাসদস্যদের নিরাপত্তা ও চলমান সামরিক কার্যক্রমের স্বার্থে তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছিল।
তবে আহত সেনাদের সংখ্যা প্রকাশে দেরি এবং তথ্য গোপনের অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় পেন্টাগনের তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন