বিজয়ের আবেদনে গরু জবাই নিষেধাজ্ঞায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, বিষয়টি আরও বিস্তারিতভাবে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। ফলে আপাতত রাজ্যজুড়ে গরু জবাই নিষিদ্ধ করার হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে না।
সোমবার (১৩ জুলাই) অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) করা বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) গ্রহণ করে এ আদেশ দেন সুপ্রিম কোর্ট।
এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়ে তামিলনাড়ুজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করতে বলেছিলেন।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু নির্ধারিত স্থানে ও নির্দিষ্ট শর্তে জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আইন যা অনুমোদন করে, তার বিপরীত কোনো বিচারিক নির্দেশ কার্যকর হতে পারে না।
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণনের বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে সংবিধানের ৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, দুধ উৎপাদনকারী ও কৃষিকাজে ব্যবহৃত গবাদিপশু, বিশেষ করে গরু ও বাছুর সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। বিচারপতি স্বামীনাথন তার পর্যবেক্ষণে বলেন, গণপরিষদের বিতর্কেও গরুকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তবে তামিলনাড়ু সরকার আদালতে জানায়, তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজারভেশন অ্যাক্টসহ বিদ্যমান আইনে কোথায় এবং কী শর্তে পশু জবাই করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে। কিন্তু এসব আইনে গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কোনো বিধান নেই।
এদিকে, স্থানীয় মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে প্রচলিত বিধি মেনে ব্যক্তিগত বা ধর্মীয় স্থানে কোরবানি দিয়ে আসছেন। একইভাবে তামিলনাড়ুর অনেক হিন্দু মন্দিরেও বার্ষিক ধর্মীয় উৎসবে পশুবলির প্রচলন রয়েছে।
সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি, সব ধরনের কোরবানি বা পশুবলি শুধু লাইসেন্সপ্রাপ্ত জবাইখানার মধ্যে সীমাবদ্ধ রাখা বাস্তবসম্মত নয়। কারণ উৎসবের সময় অধিকাংশ জবাইখানার সক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম থাকে।
সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন