মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথ ক্ষতিগ্রস্ত, ব্যাহত ট্রেন চলাচল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরান ও উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদের মধ্যে রেল যোগাযোগ মার্কিন হামলার কারণে ব্যাহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় রেলপথ ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এই ব্যস্ত রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান-মাশহাদ রেলপথ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একই তথ্য নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে।
ইসলামিক রিপাবলিক রেলওয়ের এক মুখপাত্র আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সংস্কারের কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
তেহরান ও মাশহাদের মধ্যকার রেলপথটি ইরানের অন্যতম ব্যস্ত যোগাযোগপথ হিসেবে পরিচিত।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হয়েছে এবং প্রয়োজনে আরও হামলা চালানো হবে।
এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে। ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মাহান এয়ারের বিমানটি অবতরণের পর মরদেহটি গ্রহণের প্রস্তুতি চলছে। মাশহাদই ছিল খামেনির জন্মস্থান।
এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নাজাফ থেকে মাশহাদে মরদেহ স্থানান্তরের মাধ্যমে সেই কর্মসূচির শেষ পর্ব শুরু হয়েছে।
খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় আয়াতুল্লাহ আলী খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেন তাকে মাশহাদে ইমাম রেজার মাজারের কাছেই দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন