খামেনিকে শেষ বিদায়ে জনসমুদ্র, লাল পতাকায় প্রতিশোধের বার্তা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ ও আশপাশের সড়কে নেমেছে মানুষের ঢল।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখো মানুষ সমবেত হয়েছেন। শোকাহত মানুষের চাপ সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা সবার জন্য খুলে দেওয়া হয়েছে।
খামেনির কফিনে আরবি ভাষায় লেখা রয়েছে, **‘صلى الله عليك يا أبا عبد الله’**। এর বাংলা অর্থ, **‘আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, হে আবা আবদিল্লাহ।’**
‘আবু আবদিল্লাহ’ হলো ইমাম হুসাইন (রা.)-এর সুপরিচিত একটি উপাধি। শিয়া ধর্মীয় ঐতিহ্যে রাষ্ট্রীয় জানাজা, শোকানুষ্ঠান এবং আশুরা-সংশ্লিষ্ট আয়োজনে এ ধরনের বাক্য বহুল ব্যবহৃত হয়। বিশেষ করে কারবালার স্মরণে এই বাক্যটির বিশেষ ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
এদিকে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে বহু মানুষের হাতে লাল পতাকা দেখা গেছে। ইরানে এ ধরনের পতাকা প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামির ভাষ্য, খামেনির দাফন অনুষ্ঠানে লাল পতাকার ব্যাপক উপস্থিতি প্রতীকী বার্তা বহন করছে। এর মাধ্যমে সমর্থকেরা সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে বলে তারা মনে করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন ভক্তরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন