খামেনির শেষ বিদায়ের ছয় দিনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনতার ঢল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে ইরানের পাশাপাশি ইরাকেও শেষ বিদায়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।
খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা। এ সময় উপস্থিত জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা শুরুর অনেক আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে মানুষের ঢল নামে। বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বর শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এএফপির এক প্রতিবেদক জানান, অনেক মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন হাজারো মানুষ। জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা স্টেশন খুলে দেওয়ার অপেক্ষায় ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন