ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ১,৯৪৩, ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার ভবন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেককে এক সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। খবর ডয়েস ভেলে, সিএনএন ও এএফপির।
মঙ্গলবার সন্ধ্যায় ভেনেজুয়েলা সরকার সর্বশেষ হতাহতের তথ্য নিশ্চিত করে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসে। সেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসের প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই দুর্গন্ধ আরও তীব্র হয়েছে। তবুও নিখোঁজ স্বজনদের আশায় অনেক পরিবার ধ্বংসস্তূপের পাশ ছাড়ছেন না।
তাদেরই একজন মিরেল্লা হেরেরা। ধসে পড়া বাড়ির পাশে ছেলের খোঁজে শুরু থেকেই অপেক্ষা করছেন তিনি। সিএনএনকে তিনি বলেন, “এই অপেক্ষা পাগল হয়ে যাওয়ার মতো। নিজেকে সামলে রাখতে পানি খাচ্ছি, হাঁটছি। শুধু ভাবছি, তারা যদি এখনো বেঁচে থাকে, তাহলে বের হওয়ার জন্য কতটা মরিয়া হয়ে আছে।”
দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতের সংখ্যা ৫ হাজার ৩৪ জন বলে সরকারি হিসাবে উল্লেখ করা হলেও বিভিন্ন সূত্রে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক ইউরোপীয় মহাকাশ সংস্থার সেনটিনেল-১ স্যাটেলাইটের উচ্চ রেজল্যুশনের রাডার তথ্য বিশ্লেষণ করে এ মূল্যায়ন দিয়েছেন। গবেষকদের ভাষ্য, এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন, ফলে পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও পরিবর্তিত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন