খামেনি নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্যই ন্যায়বিচার নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের মানুষের জন্যও, যাদের খামেনি ও তার রক্তপিপাসু সহযোগীরা হত্যা বা বিকলাঙ্গ করেছে।’
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার কারণে খামেনি পালাতে পারেননি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি কিংবা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি।’
ট্রাম্পের ভাষ্যে, এটি ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের “সবচেয়ে বড় সুযোগ”। তিনি দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য আর লড়াই করতে চান না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে দায়মুক্তি চাইছেন। আগের রাতের বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘এখন তারা দায়মুক্তি পেতে পারে, পরে তারা শুধু মৃত্যু পাবে।’
তিনি আশা প্রকাশ করেন, আইআরজিসি ও পুলিশ বাহিনী শান্তিপূর্ণভাবে “ইরানি দেশপ্রেমিকদের” সঙ্গে একীভূত হয়ে দেশকে পুনর্গঠনে কাজ করবে। একই সঙ্গে তিনি বলেন, খামেনির মৃত্যু ছাড়াও দেশটি একদিনেই ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে “ভারী ও নির্ভুল বোমা হামলা” চলমান থাকবে—যতদিন না মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ হয়।
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও এ বিষয়ে পরস্পরবিরোধী তথ্য প্রকাশিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন