পাকিস্তান সরকারের কাছে ইমরানের সুচিকিৎসায় ১৪ কিংবদন্তি অধিনায়কের চিঠি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান–এর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁর আইনজীবীদের দাবি, ৭৩ বছর বয়সী এই সাবেক তারকা ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু।
এই প্রেক্ষাপটে বিশ্বের ১৪ জন সাবেক ক্রিকেট অধিনায়ক এক যৌথ বিবৃতিতে ইমরান খানের প্রতি সংহতি জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর কাছে চিঠি পাঠিয়ে ইমরানের জন্য ন্যূনতম মানবিক মর্যাদা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। স্বাক্ষরিত বিবৃতিটি বার্তা সংস্থা এএফপি সংগ্রহ করেছে।
চিঠিতে বলা হয়েছে, ইমরান যেন তাঁর পছন্দের যোগ্য ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দ্রুত, পর্যাপ্ত ও ধারাবাহিক চিকিৎসা পান, তা নিশ্চিত করা উচিত। একই সঙ্গে আইনি প্রক্রিয়ায় অযথা বিলম্ব বা বাধা ছাড়াই স্বচ্ছ ও ন্যায্য সুযোগ দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ক্রিকেটার হিসেবে ইমরানের অবদানের কথাও তুলে ধরা হয়। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বেই পাকিস্তান বিশ্বকাপ জেতে। স্বাক্ষরকারীরা লিখেছেন, তাঁদের অনেকেই তাঁর বিপক্ষে খেলেছেন, কেউবা একই মাঠে খেলেছেন। আবার অনেকে তাঁর অলরাউন্ড নৈপুণ্য, ব্যক্তিত্ব ও প্রতিযোগিতামূলক মানসিকতায় অনুপ্রাণিত হয়েছেন। তাঁদের ভাষায়, তিনি সময়ের সেরা অলরাউন্ডার ও অধিনায়কদের একজন; খেলোয়াড়, দর্শক ও প্রশাসকদের কাছ থেকেও পেয়েছেন সমান সম্মান।
চিঠিটির খসড়া করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। এতে স্বাক্ষর করেছেন ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক ও কিম হিউজ; ইংল্যান্ডের মাইক আথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি ও ডেভিড গাওয়ার; ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড এবং নিউজিল্যান্ডের জন রাইট।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন