লেবাননে আবাসিক ভবন ধসে ১৪ জনের প্রাণহানি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
-
ছবি: সংগৃহীত
লেবাননের ত্রিপোলি শহরে পাশাপাশি দুটি আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান শেষে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তবে আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবন দুটিতে ঠিক কতজন অবস্থান করছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ সিভিল ডিফেন্সের বরাত দিয়ে এ তথ্য জানায়।
সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ ক্রেইস জানান, উত্তরাঞ্চলীয় শহরটির বাব আল-তাব্বানেহ এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
এর আগে রোববার কর্মকর্তারা জানান, পাশাপাশি অবস্থিত দুটি আবাসিক ভবন ধসে পড়ে। ত্রিপোলি পৌর কাউন্সিলের প্রধান আবদেল হামিদ কারামেহ বলেন, নিখোঁজের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এর আগে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধার পরিষেবার প্রধান জানিয়েছিলেন, ভবন দুটিতে মোট ২২ জন বাসিন্দা থাকতেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক পুরনো আবাসিক ভবন ধসে পড়েছে। এসব দুর্ঘটনা জরাজীর্ণ অবকাঠামো ও দীর্ঘদিনের অবহেলার বাস্তব চিত্র তুলে ধরছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন