স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ এএম
-
ছবি: সংগৃহীত
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে রোববার রাতে একটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। আহত হয়েছেন ১২০ জনের বেশি।
দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, এটি স্পেনের জন্য গভীর শোকের দিন। ঘটনার কারণ খতিয়ে দেখা হবে এবং তদন্তের ফল স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা হবে।
এটি ২০১৩ সালের পর স্পেনে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারপ্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত বগি সরানো হচ্ছে।
ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিও’ জানিয়েছে, দুর্ঘটনার মাত্র তিন দিন আগে ট্রেনটি পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করা হয়েছিল এবং সেটি প্রায় নতুন ছিল। রেনফের প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরেদিয়া বলেন, প্রাথমিকভাবে এটি মানুষের ভুল বা অতিরিক্ত গতির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে না। বরং যান্ত্রিক ত্রুটি বা রেললাইনের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনায় আহত যাত্রী লুকাস মেরিয়াকো স্থানীয় টেলিভিশনকে বলেন, ঘটনাটি ছিল একেবারে দুঃস্বপ্নের মতো। হঠাৎ পেছন থেকে তীব্র ধাক্কা অনুভূত হয় এবং মনে হচ্ছিল পুরো ট্রেনটি ভেঙে পড়বে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পানি, কম্বল ও উদ্ধার সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় পোপ লিও চতুর্দশ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, স্পেনে তিন হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত হাইস্পিড রেল নেটওয়ার্ক রয়েছে, যা মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাসহ বড় শহরগুলোকে সংযুক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন