সরকারের ৬ মাস পূর্তিতে রাজশাহী কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
-
সংগৃহীত
রাজশাহী কলেজ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম।
সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশিকুজ্জামান প্রীতম বলেন, এই সরকার বিগত ১৮০ দিনে আমাদের যে আশা দিয়েছে, পরবর্তী পাঁচ বছরে আরও ভালো কিছু করে দেখাবে।
সভাপতির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশের বিগত ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। এর মাধ্যমেই বোঝা যায়, বর্তমান সরকার আমাদের কী দিতে পেরেছে এবং কী দিতে পারেনি।
তিনি আরও বলেন, দুর্নীতির সাম্রাজ্য, গুমের সাম্রাজ্য ভেঙে দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে লাল সালাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজশাহী কলেজের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই।
রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, সরকার ১৮০ দিনে কতটা সফলভাবে দেশ পরিচালনা করেছে, তা আমরা দেখতে পেয়েছি। বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও এর প্রতিফলন দেখা গেছে। দেশের ৬৬ শতাংশ মানুষ সরকারের এই সফলতায় খুশি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আমরা তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই মিছিল করা হয়েছে।
মিছিলে রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জুবায়ের রশিদ, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন