ইবিতে বিভাগ থেকে সভাপতির দাবিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম
-
সিসিএন বিজি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের মূল ফটক ও বিভাগীয় সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে এ কর্মসূচি শুরু করে তারা।
জানা যায় রবিবার(১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে মার্কেটিং বিভাগের নতুন সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তাঁদের কাউকে সভাপতি না করে অনুষদের ডিনকে দায়িত্ব দিয়েছে প্রশাসন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সেশনজটবিহীন আমাদের বিভাগ এতোদিন চলছে। বিভাগে সভাপতি হওয়ার মতো সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও বিধিমালা লঙ্ঘন করে অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগ সম্পূর্ণ অযৌক্তিক। আমরা চাই আমাদের বিভাগের শিক্ষককেই সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হোক।
এদিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখার কারণে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভিতরে আটকে পড়ে ও অনেকে ক্লাস করতে পারেননি।শিক্ষকরা ও অনেকে অনুষদ ভবনে প্রবেশ করতে না পারায় ক্লাস নিতে পারেননি। এ বিষয়ে একাধিক আন্দোলনকারী বলেন, সাময়িকভাবে অন্য বিভাগের সমস্যার কারণে আমরা ভিসির নিকট দুঃখ প্রকাশ করেছি। এছাড়া যদি আমাদের কারণে কারও কোনো অসুবিধা হয়ে থাকে, এর জন্য আমরা দুঃখিত। তবে আমাদের আন্দোলন যৌক্তিক ছিলো।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উপস্থিত হন প্রক্টরিয়াল টিম। একপর্যায়ে শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সাথে সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে কথা বলেন। সমস্যা সমাধানে বিধি মোতাবেক সহযোগিতার আশ্বাস দেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। শিক্ষার্থীদের দাবি উপাচার্যের নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস ও দেন তিনি। এমন আশ্বাস পেয়ে তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে দেখা করে একই দাবি উত্থাপন করেন।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, সম্প্রতি এশিয়া পোস্টে বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের দেশবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তদন্ত চলমান আছে। তালিকার ভিতরে ওই বিভাগের যিনি চেয়ারম্যান রোটেট করে, তার নামটি আছে। প্রাথমিক অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ওই সময়ের জন্য ডিনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন আমরা যদি পরবর্তীজনকে দায়িত্ব দিই, তাহলে তো অভিযুক্তকে বাদ দিয়ে দিচ্ছি। আমি তো উনাকে বঞ্চিত করতে পারি না। অভিযোগ চূড়ান্ত প্রমাণিত হলে তার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিবে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন