জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাবিতে দোয়া ও আলোচনা সভা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম
-
সিসিএন বিজি
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এসময় তিনি বলেন , দেশের সেচব্যবস্থা ও অর্থনীতি গতিশীল করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে কমপক্ষে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। তিনি দাবি করেন, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক কর্মসূচি। জাবি প্রশাসনের বিশেষ অনুরোধে দেশের অন্যান্য এলাকার আগে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, এখন সরকারি চাকরিতে মেধার বাইরে কোনো বিবেচনার সুযোগ নেই। দলীয় পরিচয়ের চেয়ে যোগ্যতাই হবে নিয়োগের প্রধান মানদণ্ড। একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের তরুণ নেতৃত্বকে দেশের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ এবং গবেষণা খাতকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সভার আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।
এছাড়া, অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন