জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মারধর করে ক্যাম্পাসছাড়া
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম
-
সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরতে প্ল্যাকার্ড প্রদর্শনের সময় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ একাধিক প্রতিনিধি আহত হয়েছেন বলে দাবি করেছে জকসু।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জকসু সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরতে তারা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন। ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এসব দাবি উপস্থাপন করাই ছিল তাদের উদ্দেশ্য।
তবে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় বাধার মুখে পড়েন জকসুর প্রতিনিধিরা। এ সময় জকসু নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের বাগ্বিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। জকসুর অভিযোগ, তাদের কাছ থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।
জকসুর দাবি, হামলায় ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং দৈনিক আমার সংবাদ-এর জবি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ভিপি রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়া হয় বলে ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে আরও শোনা যায়, মেহেদী হাসান হিমেলকে বলতে, ‘এই দরজা বন্ধ কর, দ্রুত গেট আটকে দাও।’ পরে মিলনায়তনের গেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর ছেঁড়া প্ল্যাকার্ড হাতে অডিটোরিয়ামের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জকসুর নেতাকর্মীরা।
জকসুর নেতাদের অভিযোগ, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণভাবে উপস্থাপনের উদ্যোগ নিলেও তাদের বাধা দেওয়া হয়েছে এবং হামলার মাধ্যমে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে জকসু জিএস আব্দুল আলীম আরিফ নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রক্টর ছাত্রদল হয়ে গেছে, নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়ে অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।’
জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রক্টর অফিস ও ছাত্রদলের ক্যাডাররা। জকসুর প্রতিনিধিদের ধাক্কা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এ হামলার দ্রুত বিচার করতে হবে। ছেঁড়া এই পোস্টার দিয়েই দাবি আদায় হবে, ইনশাআল্লাহ।’
তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন