জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, A, B, C ও D ইউনিটের শূন্য আসনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২২ এপ্রিল নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুদের সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে।
এছাড়া, একই দিন সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ও সরাসরি—উভয় ধাপ সম্পন্ন না করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে ভর্তি ফি-সংক্রান্ত তথ্যও উল্লেখ করা হয়েছে। ব্যবহারিক ক্লাস ফিসহ বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০ হাজার ৬০০ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহের জন্য ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া, শূন্য আসন থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন