নিহত শিক্ষিকার রুহের মাগফেরাত কামনায় ইবিতে দোয়া
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
নিজ বিভাগে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ইবি উপাচার্য বলেন, আমার সহকর্মী হিসেবে এরকম বিনয়ী মানুষ কম দেখেছি। এই বিভাগে কিছুদিন আমি কোর্স পড়িয়েছি, এজন্য তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি একজন আদর্শ শিক্ষক ও আদর্শ মানুষকে হারিয়েছি৷ আমাদের হৃদয়ের এই ক্ষত আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে৷
হত্যাকারীকে ইফতারের টাকাও দিয়েছিলেন ম্যাডাম, তার মোবাইলটাও কিনে দিয়েছেন। তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে শাহাদাতের মর্যাদা দান করেন। রাষ্ট্রীয় প্রশাসনের কাছে আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সমাজকল্যাণ বিভাগের নিজ কার্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করে কর্মচারী ফজলুর রহমান৷ পরবর্তীতে সে নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন