সমালোচনার মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র চাকমা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষাকেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে তিনি ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।
সোমবার কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরপরই দুপুরে নিজের ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাসে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং পদত্যাগের ঘোষণা দেন।
একটি স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্যাম্পাস নিরাপদ করার লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ ও প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ একাধিক বিষয় প্রশাসনের কাছে উত্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সেন্ট্রাল ফিল্ডে এখনো সিসি ক্যামেরা নেই, যেখানে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। অনেক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, বহিরাগতদের কারণে তারা মাঠে খেলতে পারেন না এবং হেনস্তার শিকার হন।
তিনি আরও লেখেন, ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসার সুযোগে বহিরাগতরা দেয়াল টপকে ক্যাম্পাসে প্রবেশ করছে। কান ধরে উঠবস করানোর ঘটনাটি গত মাসের, যখন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছিল। তিনি স্বীকার করেন, তার পদ্ধতি ভুল ছিল, তবে প্রশাসনিক স্থবিরতার কারণে কঠোরতা ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলে তার মনে হয়েছিল। তার সব চিন্তার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। নিজের দায়িত্বের বাইরে গিয়েও তিনি একা অনেক জায়গায় কাজ করার চেষ্টা করেছেন।
তবে তিনি বলেন, আইন তো আইনই। দায়িত্ব পালন করতে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় আর দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার নেই বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষ অংশে সর্বমিত্র চাকমা জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত তিনি কোনো অভিমান বা প্ররোচনায় নেননি। যেখানে কাজ করাই কঠিন ও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেখানে পদ ধরে রাখার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে আরেকটি পোস্টে তিনি এই ঘটনার জন্য সবার কাছে নিঃশর্ত ক্ষমা চান।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন