বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে আবারও ফুলেফেঁপে উঠেছে তিস্তা নদী। সোমবার (১৩ জুলাই) রাত ৮টায় দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বিকেল ৩টায় নদীর পানি ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। অর্থাৎ মাত্র পাঁচ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ১৫ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় তিস্তার পানি ৮ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগাম পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে।
তিস্তার পানি বাড়তে শুরু করায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলায় তিস্তা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া গাইবান্ধায় তিস্তা এবং কুড়িগ্রামে ধরলা নদীর পানিও সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে এসব এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে তিস্তার বাড়তি প্রবাহ লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন