বিতর্কিত উদযাপনে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। উদযাপনের সময় মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত একটি পতাকা প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষে সমর্থকদের সামনে উদযাপনের সময় মিডফিল্ডার জিওভানি লো সেলসোর হাতে দেখা যায় একটি পতাকা। তাতে লেখা ছিল, "Las Malvinas son Argentinas", যার অর্থ, "মালভিনাস আর্জেন্টিনার"। কিছুক্ষণ পর রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দিও তার সঙ্গে যোগ দেন। পরে পতাকাটি মাঠে মেলে ধরে উদযাপন করেন তারা।
প্রথমে পতাকাটি দর্শকদের গ্যালারিতে দেখা গেলেও পরে সেটি খেলোয়াড়দের হাতে চলে আসে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তাসংবলিত স্লোগান, প্রতীক কিংবা পতাকা প্রদর্শন নিষিদ্ধ। আইএফএবির বিধিমালায় বলা হয়েছে, খেলোয়াড়দের পোশাক বা আনুষঙ্গিক কোনো উপকরণে রাজনৈতিক বা ধর্মীয় বার্তা বহন করা যাবে না। এ ধরনের নিয়ম ভঙ্গ হলে সংশ্লিষ্ট খেলোয়াড়, দল বা জাতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে প্রতিযোগিতা আয়োজক ও ফিফার।
ফিফার প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী, ম্যাচ কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি পর্যালোচনা করা হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
'লাস মালভিনাস' হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জ বর্তমানে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও এর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। প্রায় আড়াই মাসের সেই যুদ্ধে শেষ পর্যন্ত আর্জেন্টিনা পরাজিত হয়। সংঘর্ষে তিনজন বেসামরিক নাগরিক, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা নিহত হন।
ফিফার স্টেডিয়াম আচরণবিধিতেও রাজনৈতিক বা বৈষম্যমূলক বার্তাসংবলিত ব্যানার, পতাকা, লিফলেট ও অন্যান্য সামগ্রী নিষিদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনো দেশ, ব্যক্তি বা গোষ্ঠীকে ঘিরে রাজনৈতিক বা বিতর্কিত বার্তা বহনকারী উপকরণ প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে সব বিতর্কের মধ্যেও মাঠের লড়াইয়ে মনোযোগ ধরে রাখতে চাইবে আর্জেন্টিনা। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। সেই ম্যাচে জিততে পারলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ী তৃতীয় দল হিসেবে ইতিহাস গড়বে আলবিসেলেস্তেরা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন