বিশ্বকাপে ৯৬ বছরের ইতিহাসের রেকর্ড গড়লেন মেসি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে শুধু শিরোপার লড়াইয়েই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও নতুন এক অধ্যায় লিখেছেন অধিনায়ক লিওনেল মেসি।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেস সমতাসূচক গোল করেন। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তেরা।
এই জয়ের মাধ্যমে ৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার অনন্য কীর্তি গড়লেন। এর আগে তার নেতৃত্বেই আর্জেন্টিনা ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। ২০১৪ সালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হলেও ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
মেসির বিশ্বকাপ যাত্রায় ২০১৮ সাল ছিল ব্যতিক্রম। সেবার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তবে ২০২২ সালে শিরোপা জয়ের পর এবার ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। এখন পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের সাতটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
টানা দুই বিশ্বকাপ ফাইনালে ওঠার কীর্তিও আর্জেন্টিনার জন্য নতুন নয়, তবে বিরল। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে টানা দুটি ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। এবার সেই ইতিহাসে নিজের নামও যুক্ত করলেন মেসি।
বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের তালিকায় রয়েছেন পশ্চিম জার্মানির কার্ল-হাইনৎস রুমেনিগে, ব্রাজিলের দুঙ্গা এবং ফ্রান্সের উগো লরিস। তবে তাদের সবাইকে ছাড়িয়ে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করা প্রথম ফুটবলার এখন লিওনেল মেসি।
এবার তার সামনে আরেকটি সুযোগ। আগামী রোববার ফাইনালে স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি নিজের ক্যারিয়ারে আরও একটি ঐতিহাসিক অধ্যায় যোগ করবেন আর্জেন্টাইন মহাতারকা।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন