রদ্রিকে বিপজ্জনক ট্যাকল, লাল কার্ড না পাওয়ায় বিতর্কে ফ্রান্সের ওলিসে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফল নয়, বরং ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের একটি বিতর্কিত ট্যাকল। অনেকের মতে, রদ্রির ওপর করা ওই ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখা উচিত ছিল বায়ার্ন মিউনিখের এই ফুটবলারের। কিন্তু রেফারি তাকে কোনো ধরনের কার্ডই দেখাননি।
ম্যাচের ১৪তম মিনিটে ঘটনাটি ঘটে। বল নিয়ন্ত্রণে রেখে ওলিসের চাপ কাটিয়ে এগিয়ে যান স্পেনের মিডফিল্ডার রদ্রি। ঠিক তখনই পেছন থেকে দৌড়ে এসে স্টাড তুলে ট্যাকল করেন ওলিসে। বল ছেড়ে দেওয়ার পরও তার বুটের আঘাত লাগে রদ্রির গোড়ালির পেছনের অংশে। এতে ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার।
ঘটনার পর রেফারি শুধু ফ্রি কিকের সিদ্ধান্ত দেন। ওলিসেকে হলুদ কার্ডও দেখানো হয়নি, আর ভিএআর থেকেও হস্তক্ষেপ করা হয়নি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, এমন বিপজ্জনক ট্যাকলের পরও কীভাবে কোনো শাস্তি এড়ালেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচটি অ্যাসিস্ট করে সেরা প্লেমেকারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওলিসে। তবে এই ম্যাচে তার বিতর্কিত ট্যাকলই বেশি আলোচনায় এসেছে।
অবশ্য সাবেক প্রিমিয়ার লিগ রেফারি মার্ক হ্যালসির মত ভিন্ন। **দ্য সান**-কে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার মতে রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। এটি অবশ্যই ফ্রি কিক ছিল। তবে বেপরোয়া ট্যাকলের কারণে হলুদ কার্ড দেখানো যেত।’
হ্যালসি আরও ব্যাখ্যা করেন, ‘অসতর্ক ট্যাকলের শাস্তি শুধু ফ্রি কিক। বেপরোয়া ট্যাকলের ক্ষেত্রে ফ্রি কিকের পাশাপাশি হলুদ কার্ড দেখানো হয়। আর যদি অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলা হয়, তাহলে সেটি লাল কার্ডের অপরাধ।’
তার মতে, ওলিসের ট্যাকল সেই মাত্রার ছিল না। তবে হলুদ কার্ড না পাওয়ায় ফরাসি উইঙ্গার ভাগ্যবানই বলা যায়।
এই বিতর্কের মধ্যেই ম্যাচে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর চোট পেয়ে মাঠ ছাড়েন রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় উইলিয়াম সালিবা। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন।
২-০ গোলের এই জয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। এখন শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন