আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্কে মুখ খুললেন কলিনা, ‘রেফারি কোনো ভুল করেননি’
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্ব ও শেষ ষোলো শেষে কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হলেও আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিতর্কিত ম্যাচের আলোচনা থামছে না। ম্যাচ পরিচালনা নিয়ে মিসরের অভিযোগের জবাবে এবার স্পষ্ট অবস্থান নিয়েছে ফিফা।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা বলেছেন, আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারির নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক ছিল এবং এতে কোনো ভুল হয়নি। তার মতে, ম্যাচটি ঘিরে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন।
ইনসাইড ফিফা ডটকম-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে কলিনা ম্যাচের বিতর্কিত দুটি সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেন।
মিসরের অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল দুটি ঘটনা। প্রথমটি, ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকোর করা গোল ভিএআরের সহায়তায় বাতিল করা হয়। আক্রমণের শুরুতে মিসরের এক খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন বলে গোলটি বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি।
দ্বিতীয় ঘটনায়, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে মোহামেদ সালাহ ও হুলিয়ান আলভারেজের সংঘর্ষকে ফাউল হিসেবে বিবেচনা করা হয়নি। এ সিদ্ধান্ত নিয়েও আপত্তি তোলে মিসর।
কলিনা বলেন, প্রতিটি গোলের আগে আক্রমণাত্মক বল দখলের পুরো ধাপ (Attacking Possession Phase) ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা হয়। যদি গোল হওয়ার আগে কোনো ফাউল শনাক্ত হয় এবং সেটি গোলের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে ভিএআর মাঠের রেফারিকে ভিডিও দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেয়।
তিনি আরও বলেন, গোলের আগে ফাউল কত দূরে বা কতক্ষণ আগে হয়েছে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। একটি ফাউল যদি ফাউলই হয়, তাহলে প্রয়োজন হলে ভিএআর হস্তক্ষেপ করবে।
সালাহ ও আলভারেজের সংঘর্ষ প্রসঙ্গে কলিনা বলেন, রেফারি এবং ভিএআর সেটিকে স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ (ফুটবল কন্টাক্ট) হিসেবে বিবেচনা করেছেন। কারণ, ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছিলেন এবং এরপর যে সংস্পর্শ হয়েছে, তা ফাউল নয়।
মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও স্ট্রাইকার মোস্তফা জিকো ম্যাচ শেষে অভিযোগ করেছিলেন, রেফারিংয়ে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে এবং ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। তবে এসব অভিযোগকে গুরুত্ব দেয়নি ফিফা।
পাঁচবারের আন্তর্জাতিক বর্ষসেরা রেফারি নির্বাচিত কলিনা রেফারিদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে বলেন, এমন অভিযোগ শুধু রেফারিদের নয়, তাদের পরিবারের জন্যও হুমকি ও মানসিক চাপের কারণ হতে পারে।
তিনি আরও বলেন, ফিফার রেফারিং ব্যবস্থার ওপর কারও প্রভাব নেই, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও নয়। ম্যাচ পরিচালনায় রেফারিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন এবং সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন