রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি, স্পেনের নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো আগেই জানিয়ে দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে বিদায়ী আসরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না পর্তুগিজ মহাতারকার। শেষ ষোলে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
পুরো ম্যাচজুড়েই দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে জয় নিশ্চিত করে স্পেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্পেন। অষ্টম মিনিটে দানি অলমোর নিখুঁত থ্রু পেয়ে একেবারে গোলরক্ষকের সামনে চলে যান মিকেল ওইয়ারজাবাল। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে স্প্যানিশরা।
১২ মিনিটে পর্তুগালের হয়ে প্রথম বড় সুযোগ পান রোনালদো। বক্সের ডান দিক থেকে নেওয়া তার শক্তিশালী শট অনায়াসে রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
১৬ মিনিটে পর্তুগালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচান গোলরক্ষক দিয়োগো কস্তা। প্রথমে লামিন ইয়ামালের শট ঠেকানোর পর ফিরতি বলে অ্যালেক্স বায়েনার প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।
প্রথমার্ধের শেষদিকে আরও একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেন রোনালদো। জোয়াও ফেলিক্সের পাস থেকে বাইসাইকেল কিকে প্রায় ফাঁকা পোস্ট লক্ষ্য করেছিলেন তিনি। তবে অসাধারণ ক্ষিপ্রতায় বল আটকে দেন উনাই সিমন। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে পর্তুগালের নুনো মেন্দেস দূরপাল্লার জোরালো শট নিলেও বল ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৫৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে, যা পর্তুগালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
৭২ মিনিটে স্পেন ফ্রি-কিক থেকে আরেকটি সুযোগ তৈরি করলেও ইয়ামালের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন দিয়োগো কস্তা।
তবে ম্যাচের ৯০ মিনিটে আর রক্ষা হয়নি। ফ্রি-কিক থেকে বল পেয়ে তরেসের বাড়ানো পাসে নিচু ও জোরালো শটে জাল খুঁজে নেন মিকেল মেরিনো। সেই এক গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
যোগ করা সময়ে বের্নার্দো সিলভার হেডে সমতায় ফেরার সুযোগ এসেছিল পর্তুগালের সামনে। কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে শেষ আশা-ও শেষ হয়ে যায়।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে যায় স্পেন। আর বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো খেলতে নেমে হতাশার বিদায় নিতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার পর্তুগালকে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন