ছেলের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজিনহার মা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত নাম জোসিমার দিয়াস ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের গোলশূন্য সমতায় রুখে দেওয়ার অন্যতম নায়ক কেপ ভার্দের এই গোলরক্ষক। খেলা শেষে তিনি আবেগাপ্লুত হয়ে অর্থ ও ভিসা জটিলতায় মাকে যুক্তরাষ্ট্রে নিতে না পারার আক্ষেপ জানান। অবশেষে জটিলতা কাটিয়ে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তার মা আনা কান্দিদা এভোরা। এবার গ্যালারিতে বসেই ছেলের পরবর্তী ম্যাচ উপভোগ করবেন তিনি।
প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে স্পেনের মতো দলের বিপক্ষে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। এরপর কেপ ভার্দের হয়ে ম্যাচসেরা খেলোয়াড়ও হন ভোজিনহা। তবে এমন সাফল্যের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায়, যখন ভোজিনিয়া জানান যে ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে তার মা তার পারফরম্যান্স সরাসরি দেখতে পারেননি।
ভোজিনহার সেই আবেগঘন বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেরও। পরে প্রাইয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভিসা বিভাগ আনা কান্দিদা এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
ফলে ভিসাসহ সব জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে এখন ভোজিনহার মা। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরের ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন তিনি। ভোজিনহার জন্য এটি বিশ্বকাপের সবচেয়ে আনন্দের খবরগুলোর একটি হয়ে এসেছে।
উল্লেখ্য, স্পেনের মতো উরুগুয়েকেও হতাশ করার লক্ষ্য কেপ ভার্দের। ভোজিনহার কাছ থেকে আরও একবার দারুণ পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন