ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভাজন, দেম্বেলের ক্ষোভ
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
-
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যে ফ্রান্স জাতীয় দলের কয়েকজন সতীর্থ ক্ষুব্ধ হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষুব্ধ ওসমান দেম্বেলে। এ নিয়ে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর আগে ফ্রান্স দলের ড্রেসিংরুমে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এক প্রতিবেদনে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছেন।
এমবাপ্পে দাবি করেছিলেন, দল তাকে সব সময় ‘অটো চয়েজ’ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে চোটের কারণে দেম্বেলের ক্যারিয়ার তার চেয়ে ভিন্ন বলেও ইঙ্গিত দেন তিনি।
জবাবে প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে ব্রেস্টের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর মুখ খোলেন দেম্বেলে। তিনি বলেন, আমি কখনোই নির্বাচিত একজন ছিলাম না। আমি কঠোর পরিশ্রম করেছি এবং পিএসজির হয়ে দারুণ একটি বছর কাটিয়ে তার পুরস্কার পেয়েছি।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের দাবি, এমবাপ্পের এই মন্তব্যই দেম্বেলের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণের কারণ। জাতীয় দলের অধিনায়কের বিভিন্ন বক্তব্যে অতীতে বিরক্ত হলেও দেম্বেলে বরাবরই প্রকাশ্যে নীরব থেকেছেন। এবার সেই নীরবতা ভেঙেছেন তিনি।
সাবেক ফুটবলার ও বিশ্লেষক জেরোম রোথেনের মতে, দেম্বেলে ঘটনাটি অত্যন্ত গুরুতরভাবে নিয়েছেন। তার ধারণা, এমবাপ্পের মন্তব্যকে সরাসরি অপমান হিসেবে দেখছেন দেম্বেলে। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক সতীর্থদের প্রতি এমবাপ্পের কথিত ‘তাচ্ছিল্যের’ মনোভাব নিয়ে তার ক্ষোভ।
রোথেন বলেন, দেম্বেলে বিষয়টি খুব খারাপভাবে নিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিলিয়ান এমবাপ্পের ওপর সে খুবই ক্ষুব্ধ। তার কাছে এটি বিশ্বাসঘাতকতার মতো। শব্দটা কঠিন, কিন্তু সে ঠিক এভাবেই বিষয়টি দেখছে।
ক্ষোভ শুধু দেম্বেলের মধ্যেই সীমাবদ্ধ নেই বলেও দাবি করা হচ্ছে। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও নাকি অধিনায়কের বক্তব্যে বিরক্ত। এত দিন ফ্রান্স দলের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত ঐক্য এখন প্রশ্নের মুখে। ব্যক্তিগত পুরস্কারকে ঘিরে চলমান আলোচনা দলের ভেতরেও অস্বস্তি তৈরি করছে বলে খবর।
রোথেন আরও বলেন, ‘আমাকে বলা হয়েছে, ফ্রান্স দলের অনেক খেলোয়াড়ই আবারও তার (এমবাপ্পের) এসব বক্তব্য বুঝতে পারছেন না। তারা বরং দেম্বেলের পক্ষেই বেশি। অথচ দল তো একই। কিন্তু এখন মনে হচ্ছে, দুটি দল হয়ে গেছে।
ফলে মাঠের বাইরের এই দ্বন্দ্ব ফ্রান্স দলের মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন