ম্যানচেস্টার ডার্বিতে ভিএআরের ভুলে বিতর্কিত গোল, ক্ষমা চাইল রেফারিদের সংস্থা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
-
ম্যানচেস্টার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির উত্তপ্ত লড়াইয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফিল ফোডেন। অন্যদিকে শাস্তি এড়িয়ে যান ব্রুনো ফার্নান্দেজ। তবে রেফারিং নিয়ে বিতর্কের ঝড় সেখানেই থেমে থাকেনি। ম্যানচেস্টার সিটির জয়ের মূল কারিগর আর্লিং হলান্ডের গোলটি বিল্ড-আপের সময় অফসাইডের কারণে বাতিল হওয়া উচিত ছিল বলে স্বীকার করে নিয়েছে রেফারিদের সংগঠন ‘প্রো রেফ’ (Pro Ref)।
স্কাই স্পোর্টসকে দেওয়া সংগঠনটির এক সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মাঠের সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের হস্তক্ষেপে ভুলভাবে গোলটি বহাল রাখা হয়, যা ছিল একটি স্পষ্ট ভুল।
ঘটনার সূত্রপাত জশকো গভার্দিওলের এক ক্রস থেকে। সেটি ক্লিয়ার করতে যান অফসাইড পজিশনে থাকা এনজো ফার্নান্দেজ। এনজো বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করায় তাকে ট্যাকল করতে বাধ্য হন ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। আর এই সুযোগে একদম অরক্ষিত হয়ে পড়েন পোস্টের সামনে থাকা আর্লিং হলান্ড। ঠান্ডা মাথায় বলটি জালে জড়াতে ভুল করেননি সিটি তারকা।
ম্যাচের দায়িত্বে থাকা রেফারি মাইকেল অলিভার ও সহকারী রেফারিরা প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করেছিলেন। কিন্তু বিতর্কিতভাবে ভিএআর (VAR) সেই সিদ্ধান্ত বদলে দিয়ে গোলটিকে বৈধ ঘোষণা করে। এতে চটে যান রেড ডেভিল সমর্থক ও ফুটবলাররা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক ও ডিফেন্ডার মার্তিনেজের পাশাপাশি ক্লাবের সাবেক কিংবদন্তি রয় কিন ও গ্যারি নেভিল নিজেদের ক্ষোভ উগরে দেন।
বিতর্কের মুখে প্রতিক্রিয়া জানিয়েছে ‘প্রো রেফ’। তাদের বিবৃতিতে বলা হয়, ‘সেই আক্রমণের সময় দেখা গেছে এনজো ফার্নান্দেজ বল স্পর্শ করেননি। আর বল স্পর্শ না করলে অফসাইড ধরা হবে কি না, সেটি একটি কৌশলগত বা ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
তবে নিজেদের ভুল স্বীকার করে সংস্থাটি যোগ করে, ‘সেই মুহূর্তে ভিএআর অনসাইডে থাকা খেলোয়াড়ের ওপর অফসাইড পজিশনের প্রভাব অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল। মাঠের রেফারিকে ভিএআর মনিটর (অন-ফিল্ড রিভিউ) দেখার পরামর্শ দেওয়া উচিত ছিল ভিএআর পরিচালকদের।
ইউনাইটেডের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি আরও জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা স্বীকার করেছি যে, এটি একটি স্পষ্ট রেফারিং ভুল ছিল। পুরো ঘটনাটি পুনরায় পর্যালোচনা করে মূল্যায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলাউদ্দিন
ঠিকানা: ৩৭/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন