ইসলামী আন্দোলন বাংলাদেশ
জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো “জামায়াতের কাছে ২০০ আসন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ” শিরোনামের তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছে।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বোঝাপড়া ও যৌথ নির্বাচনি পথচলা চলছে। তবে এটি কোনো জোট নয়; বরং আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রচলিত জোট রাজনীতির বাইরে এই ধরনের একক প্রার্থী দেয়ার পদক্ষেপ সম্পূর্ণ অনন্য। কোনো দলের কাছে আসন চাওয়া বা এক দল আরেক দলকে আসন দেয়ার পুরনো ধারণা এই সমঝোতায় প্রযোজ্য নয়।
ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি ভুল তথ্যের উপর নির্মিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে এই ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তিনশ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জামায়াতে ইসলামীও তিনশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আন্দোলনরত আটদলের লিয়াজো কমিটি আসনভিত্তিক একক প্রার্থী দেয়ার লক্ষ্যে কাজ করছে। দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন