মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতায় মনোনয়নপত্র জমা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
-
সংগৃহীত
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, দলের ‘সংগ্রামী মহাসচিব’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন।
রিজভী জানান, দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এর আগে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন