আয়ে বিএনপিকে ছাড়িয়ে গেল জামায়াতে ইসলামী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
-
সংগৃহীত
২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ছাড়িয়ে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আর্থিক হিসাব অনুযায়ী, বিএনপির তুলনায় প্রায় দেড় কোটি টাকা বেশি আয় করেছে দলটি।
আইন অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই ধারাবাহিকতায় বিএনপির পর এবার জামায়াতে ইসলামীও তাদের আর্থিক বিবরণী জমা দিয়েছে।
জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর মোট আয় ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। তবে দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার টাকা, অর্থাৎ আয়কে ছাড়িয়ে গেছে ব্যয়ের পরিমাণ।
হিসাব বিবরণীতে দল দুটি তাদের আয়ের উৎসও উল্লেখ করেছে।
বিএনপির আয়ের প্রধান উৎস ছিল কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাসিক ও নিয়মিত চাঁদা, প্রাথমিক সদস্যপদ ও দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান, দলীয় বই-পুস্তক ও প্রকাশনা বিক্রির আয় এবং ব্যাংকে জমাকৃত অর্থের সুদ বা লভ্যাংশ।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আয়ের প্রধান উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে দলের সদস্যদের মাসিক চাঁদা বা রুকনিয়াত, বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর অনুদান এবং দলীয় বই-পুস্তক ও প্রকাশনা বিক্রির অর্থ।
ব্যয়ের খাতেও রয়েছে উল্লেখযোগ্য কিছু বিষয়। বিএনপির প্রধান ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে অফিস স্টাফদের বেতন ও উৎসব বোনাস, রাজনৈতিক কর্মসূচি, র্যালি ও আলোচনা সভার আয়োজন, পোস্টার, লিফলেট ও অন্যান্য প্রচারসামগ্রী ছাপানো, ত্রাণ বিতরণ এবং নির্যাতিত নেতাকর্মীদের আর্থিক সহায়তা।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর ব্যয়ের বড় অংশ ব্যয় হয়েছে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক ব্যয়, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনায়।
নির্বাচন কমিশনে জমা দেওয়া এই হিসাব অনুযায়ী, ২০২৫ সালে আয়ের দিক থেকে বিএনপিকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ব্যয়ের হিসাবে দলটির মোট ব্যয় আয়কেও অতিক্রম করেছে।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন