হবিগঞ্জে ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
-
সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের মামলাটি করেন।
এর আগে বুধবার বিকেলে হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার থেকে রওনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
পথে শ্রীমঙ্গলের ব্যারিকেড অতিক্রম করলেও বাহুবল উপজেলার মুছাই এলাকায় তারা আবারও পুলিশের বাধার মুখে পড়েন। পরে রশিদপুর গ্যাসফিল্ড মোড় পেরিয়ে কামাইছড়া রাবার বাগান এলাকায় পৌঁছালে পুলিশ, র্যাব, ডিবি ও বিজিবির যৌথ ব্যারিকেডে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়।
এ সময় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী সেতু এলাকায় একটি বালুবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে সড়ক অবরোধ করা হয়। এর প্রতিবাদে এনসিপির কেন্দ্রীয় নেতারা সড়কেই অবস্থান নেন। এতে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশ না করার বিষয়ে রাজি করান। পরে রাত পৌনে ৮টার দিকে নাহিদ ইসলাম, নাসির উদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ ও ডা. মাহমুদা মিতুকে নিয়ে পুলিশ সুপার বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে যান।
সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সারজিস আলমসহ দলের একাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। তার দাবি, হামলায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, "আজ রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
ব্রিফিং শেষে পুলিশের নিরাপত্তায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বাহুবলের কামাইছড়া ত্যাগ করে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন