জামায়াত বিক্ষোভ করবে রাজধানীর দুই স্থানে
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগরে ‘বিএনপির সন্ত্রাসীদের হামলায়’ জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে রাজধানীর দুই স্থানে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।
রোববার বেলা ৩টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে দুপুর পৌনে ২টায় রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ এবং পরে মিছিল করবে ঢাকা মহানগর উত্তর জামায়াত। সেখানেও দলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের ভাই ও দলীয় কর্মী হাফিজুর রহমান নিহত হন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান (৫৫) স্থানীয় ‘ঢাকা জুয়েলার্স’ এর মালিক এবং পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
শনিবার ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত কামিল মাদরাসা গেটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাফিজুর রহমানকে ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
সংঘর্ষে গুরুতর আহত হন হাফিজুরের ছোট ভাই ও বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। জামায়াতের আরো তিন কর্মী আহত হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলাউদ্দিন আরিফ
ঠিকানা: প্রিতম-জামান টাওয়ার, ৩য় তলা, স্যুট নং: ৪০১/এ, ৩৭/২ বীর প্রতীক গাজী দস্তগীর রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০
স্বত্ব © সিসিএনবিজি মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন